নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে নূর হোসেনের ব্যবহূত ব্যক্তিগত গাড়িটি (প্রাইভেট কার) উদ্ধার করেছে পুলিশ। নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্বজনদের মালিকানাধীন একটি গ্লাস ফ্যাক্টরিতে গাড়িটি পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আজ (রোববার) দুপুর দেড়টার দিকে গাড়িটি উদ্ধার করা হয়েছে। সম্প্রতি অপহৃত এবং নিহত নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগীকে অপহরণ মামলার প্রধান আসামি নূর হোসেন এই গাড়িটি ব্যবহার করতেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার জেএমএস গ্লাস ফ্যাক্টরি থেকে গাড়িটি উদ্ধার করা হয়। গাড়িটির নম্বর (ঢাকা মেট্রো: গ ২৯৮৮৬২)। ওই ফ্যাক্টরিটি সংসদ সদস্য শামীম ওসমানের শ্বশুর সাইফুদ্দিন আহমেদ, দুই মামাশ্বশুর শামসুদ্দিন আহমেদ, জালালউদ্দিন আহমেদ ও শ্যালক তানভীর আহমেদের মালিকানাধীন বলে জানা গেছে।
কারখানার মহাব্যবস্থাপক আব্দুল আউয়াল বলেন, প্রায়ই গাড়িটি এখানে রাখা হতো। সর্বশেষ গত শুক্রবার দুপুরে গাড়িটি কারখানায় রাখা হয়। গাড়িটি কেন রাখতে দিতেন জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা আপনারা বুঝে নেন।’ জেএমএস গ্লাস ফ্যাক্টরিটি সংসদ সদস্য শামীম ওসমানের মামাশ্বশুর শামসুদ্দিন আহমেদ ও জালালউদ্দিন আহমেদের বলে তিনি জানান।
জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানান, গাড়িটি উদ্ধার করা হয়েছে। রেকার দিয়ে গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জন অপহরণের পরে হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেনের দোকানপাট ভাঙচুর করে নজরুল ইসলামের সমর্থকরা।
[b]ঢাকা, মে ৪ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]