[b]চট্টগ্রাম:[/b] ১৮ দলীয় জোট সমর্থিত আইনজীবীদের বিক্ষোভ আর বর্জনের মুখে মঙ্গলবার চট্টগ্রাম আদালতের কার্যক্রমে প্রায় অচল হয়ে পড়ে । মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো. মশিউর রহমান চৌধুরীর আদালত এবং আরও ১৬টি ম্যাজিস্ট্রেট আদালতে কাজ হয়নি।
এদিকে সিএমএমসহ কয়েকজন বিচারক এজলাসে উঠলেও আন্দোলনকারী আইনজীবীদের বিক্ষোভের মুখে তারা এজলাস ত্যাগে বাধ্য হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ম্যাজিস্ট্রেট আদালত ছাড়া দুটি বিশেষ ট্রাইব্যুনালেও কাজ হয়নি। এ ছাড়া অন্যান্য আদালতে শীতকালীন অবকাশ চলছে।
কর্মসূচি চলাকালে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় আওয়ামী লীগপন্থী ১৪ দল এবং বিএনপিসহ ১৮ দলীয় জোটপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের আইনজীবীরা পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ করেন। এ সময় আদালত ভবন এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়।
বিরোধী দলের গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি চলাকালে সুপ্রিম কোর্টে আইনজীবীদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার ১৮ দল সমর্থক আইনজীবীরা সারা দেশে আদালত বর্জন কর্মসূচির ডাক দেন। কর্মসূচির সমর্থনে সকাল থেকেই ১৮ দলীয় জোট সমর্থক আইনজীবীরা চট্টগ্রাম আদালত ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করতে থাকেন।