বছরের পর বছর ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অপহরণ ও গুমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের মতো অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে এলিট ফোর্স র‌্যাবের বিরুদ্ধে যেসব প্রমাণ রয়েছে, সেগুলো তদন্তের জন্য একটি স্বাধীন ও স্বতন্ত্র সংস্থা গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাগাদা দিয়েছে নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ(এইচআরডব্লিউ)। র‌্যাবের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলোর গভীরে ঢুকে বিস্তারিত তদন্ত করতে বুধবার একটি খোলা চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীকে তাগাদা দেয় এইচআরডব্লিউ।
ব্র্যাড অ্যাডামস বলেন, নিরাপত্তা বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশের দীর্ঘদিনের জিরো-টলারেন্স নীতির প্রতিশ্রুতি পূরণের জন্য বাংলাদেশের সামনে এটা ভালো একটা সুযোগ। তিনি বলেন, র‌্যাবকে ভেঙে দেওয়া উচিত ও এর পরিবর্তে একটি পূর্ণ জবাবদিহিমূলক আইন প্রয়োগকারী বাহিনী গঠন করতে হবে, যারা আইন ও বহিঃস্থ পর্যবেক্ষণের আওতায় কার্যক্রম পরিচালনা করবে। চিঠিতে তিনি লিখেছেন, গণতন্ত্রে ডেথ স্কোয়াডের কোনো স্থান নেই।
এইচআরডব্লিউর এশিয়া মহাদেশের আঞ্চলিক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, প্রধানমন্ত্রীকে এখন অবশ্যই বৃহৎ পরিধিতে সংশ্লিষ্ট বিষয়ে তদন্তের দায়িত্ব নিতে হবে এবং শুধু নারায়ণগঞ্জই নয়, বরং র‌্যাবের বিরুদ্ধে ওঠা সবগুলো অভিযোগের বিষয়েই স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার জন্য একটি স্বাধীন সংস্থাও গঠন করতে হবে। ওই চিঠিতে জানানো আহ্বানে বেশ কয়েক বছর ধরে র্যারপিড অ্যাকশন ব্যাটালিয়নের(র‌্যাব) বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, অপহরণ, নির্যাতন ও অন্যান্য গুরুতর অপরাধের প্রমাণ সুষ্ঠুভাবে তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে। একই সঙ্গে র‌্যাবকে ভেঙে দেওয়ার আহ্বানও পুনর্ব্যক্ত করেছে মানবাধিকার সংগঠনটি।
ব্র্যাড অ্যাডামস বলেন, প্রধানমন্ত্রীর অবশ্যই এখন আরো বিস্তৃত পরিসরে তদন্ত ও একটি স্বাধীন প্রক্রিয়া পরিচালনা করা উচিত, যাতে শুধু নারায়ণগঞ্জ নয়, সব ঘটনার জন্য জবাবদিহিতা নিশ্চিত করা যায়। র‌্যাবকে ভেঙে দিয়ে একটি পূর্ণ জবাবদিহিমূলক আইন প্রয়োগকারী সংস্থা গঠন করার বিষয়টিতে জোর দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। র‌্যাবের পরিবর্তে নতুন ওই সংস্থাটিই অপরাধ ও সন্ত্রাস দমনে সম্পূর্ণ আইনের আওতায় কাজ করবে।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে ব্র্যাড অ্যাডামস লিখেছেন, র‌্যাবের বিরুদ্ধে বেশ কয়েক বছর তদন্ত পরিচালনার বিষয়টি প্রত্যাখ্যানের পর সরকার তার মত পরিবর্তন করেছে এবং নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডে দ্রুত পদক্ষেপ নিয়েছে। এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অ্যাডামস। বহু আগে থেকেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের তথ্য সংগ্রহ করছে মানবাধিকার সংগঠনটি।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]