[b]ঢাকা:[/b] হেফাজতে ইসলামের ৫'র সমাবেশে গুলিতে নিহতদের তথ্য বিকৃতির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র এবং নির্বাহী পরিচালক নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
বুধবার সাইবার ক্রাইম বিচারে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক একেএম শামসুল ইসলাম এ আদেশ দেন।
একইসঙ্গে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আগামী ২২ জানুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ শুরু করার নির্দেশ দিয়েছেন।
বর্তমানে জামিনে মুক্ত এলান ও আদিল দুজনই অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন।
আদিলুর ও এলান মামলা থেকে অব্যাহতির আবেদন করলে ট্রাইব্যুনাল তা খারিজ করে দেন।
তারা নিজেদের নির্দোষ দাবি করে বলেন,অধিকার কোনো মিথ্যা তথ্য দেয়নি।
গত বছরের ১১ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
আসামিরা তাদের পরিচালনাধীন অধিকার নামে সংস্থার মাধ্যমে গত ৫ মে রাজধানীর শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৬১ জনের মৃত্যু সম্পর্কে বানোয়াট ও মিথ্যা তথ্য সম্বলিত প্রতিবেদন তৈরি ও প্রচার করে বলে অভিযোগে বলা হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতের বিচারক বিকাশ কুমার সাহা মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠান।
গত ১০ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরের সাইবার ক্রাইম টিম তথ্যপ্রযুক্তি আইন (আইসিটি অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগে আদিলুরকে গ্রেপ্তার করে।
গত ৮ অক্টোবর হাইকোর্ট বেঞ্চ ৬ মাসের জামিন দিলে দুদিন পরে মুক্তি পান আদিলুর।
গত ৬ নভেম্বর ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান নাসির উদ্দিন এলান।
ওই দিনই শুনানি শেষে এ আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন পান।