সদর উপজেলার ঝিংলজা ইউনিয়নে নির্মাণাধীন মেডিকেল কলেজ এলাকায় মো. মোজাম্মেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী মুবিনা আকতার (৩৫) আহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল মহেশখালী উপজেলার মোহাতাবের ছেলে। তিনি কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ও কক্সবাজার জেলা কারাগারের চিকিৎসক ডা. আবদুস সালামের মালিকাধীন একটি জমির পাহারাদার ছিলেন।
কক্সবাজার সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) জসীম উদ্দিন জানান,এ ঘটনায় আরিফ নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা করা হচ্ছে।
জানা গেছে,সকাল ১০টার দিকে দুর্বৃত্তরা ওই বাড়িতে হামলা চালায়। এ সময় তারা স্বামী-স্ত্রী দুজনকে কুপিয়ে আহত করে।পরে দুর্বৃত্তরা চলে গেলে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মোজাম্মেলের মৃত্যু হয়।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]