মেঘনা নদীতে ডুবে যাওয়া লঞ্চ থেকে ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ লাশগুলো উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৫ জনের পরিচয় মিলেছে, যেখানে ১২টি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে বিকাল সোয়া ৩টায় মুন্সিগঞ্জের গজারিয়ায় মিরাজ-৪ নামে যাত্রীবাহী এ লঞ্চটি ‍ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বরে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ডুবে যাওয়া ওই লঞ্চে তিন শতাধিক যাত্রী ছিলো। সাঁতরে এবং স্থানীয় জেলেদের সহায়তায় ৩০-৪০ জন যাত্রী তীরে উঠতে সক্ষম হয়। পরে লঞ্চটির যাত্রীদের উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ শুরু করে।
খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ ও 'দূর্বার' নারায়ণগঞ্জ থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। এছাড়া উদ্ধার কাজে আরও অংশ নেয় কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। জাহাজটি সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থলে পৌঁছে। ইতিমধ্যে এমভি মিরাজ-৪ লঞ্চটির ডুবে যাওয়ার স্থান চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য, এ লঞ্চটি এর আগেও দু'বার দুর্ঘটনার কবলে পড়েছিল।[b]
ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ // এমআর//এনএস
[/b]