রাজশাহীর পদ্মা নদী থেকে জাল ও নৌকাসহ তিন জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের বেড়পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জেলেরা হলেন- বেড়পাড়া এলাকার পিয়ার আলমের দুই ছেলে আলী হোসেন (১৮),শাহীন আলম (১৫) ও শাহজাহানের ছেলে আব্দুল মমিন (১৮)। বিএসএফ’র হাতে আটকের সময় জেলে আলী হোসেন মোবাইল ফোনে তার মাকে এ তথ্য জানিয়েছেন।
শাহীনের মা মর্জিনা বেগম বলেন,প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় ছোট নৌকা ও জাল নিয়ে পদ্মা নদীতে তারা মাছ ধরতে যায়। এসময় তারা ভারতীয় সীমানার কাছাকাছি পৌছলে ওপারের (ভারত) মদনহাটি ক্যাম্পের বিএসএফ সদস্যরা নৌকা ও জালসহ তাদের তিনজনকে আটক করে।
রাজশাহী ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপস অফিসার ও অতিরিক্ত পরিচালক মেজর বশির আহমেদ চৌধুরী শুক্রবার সকাল ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মদনহাটি বিএসএফ ক্যাম্প বিএসএফ এর পক্ষ থেকে ওই তিন জেলেকে আটকের সত্যতা নিশ্চিত করা হয়েছে। পদ্মা নদীর ভারতীয় জল সীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানায় বিএসএফ।
টাইমনিউজ/২৪ জানুয়ারি (এআর)





