উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার ৫২ জেলার ১১৬টি উপজেলায় এক হাজার ৩৫২ জন প্রার্থী ভোটের লড়াইয়ে নামবেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে প্রচার-প্রচারণাও বন্ধ করে দেয়া হয়েছে।
চতুর্থ  উপজেলা নির্বাচনের পাঁচ ধাপের এবারই সবচেয়ে বেশি উপজেলা নিয়ে নির্বাচন হতে যাচ্ছে।
এ ধাপে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন ৫০৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫১১ জন ও নারী ভাইস-চেয়ারম্যান পদে রয়েছেন ৩৩৬ জন প্রার্থী।
এসব এলাকায় ভোটকেন্দ্র থাকছে আট হাজার ৬৩টি। ভোটকক্ষ ৫১ হাজার ৩১৫টি। মোট এক কোটি ৯৬ লাখ ৬২ হাজার ৬৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯৮ লাখ ৪০ হাজার ৮৬৮ জন আর নারী ভোটার ৯৮ লাখ ২১ হাজার ৭৮০ জন।
নির্বিঘ্নে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন (ইসি) মোট আট হাজার ৬৩ জন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ করেছে। সহকারি প্রিজাইডিং আফিসার প্রায় ৫১ হাজার। পোলিং অফিসার এক লাখের বেশি।
এছাড়া ভোটগ্রহণের জন্য নির্বাচনকেন্দ্রিক অপরাধরোধ ও শাস্তি দেয়ার জন্য মাঠে নেমেছে ৪৬৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১৬ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করবেন।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]