নোয়াখালীর চাটখিল উপজেলায় পৃথক তিনটি গুলির ঘটনা ঘটেছে। এতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।
মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে যুবলীগ নেতা সোহাগ গাজীর বাসায় পুলিশ অভিযান চালায়। এর জের ধরে সোহাগ গাজীর লোকজন বিভিন্ন এলাকায় গুলি চালায়। এতে পৌর শহরে ভ্যান চালক দুলাল ও দশঘরিয়া এলাকায় বাসের টিকেট ম্যান কামাল ঘটনাস্থলে মারা যায়।
নিহত ব্যক্তিরা হলেন কামাল হোসেন (৩৫) ও মো. দুলাল (৩৩)।
কামালের বাড়ি পৌরসভার দশঘরিয়া এলাকায়। তাঁর বাবা আবদুর রব। স্থানীয় আল-বারাকা বাস কাউন্টারে টিকিট বিক্রি করতেন তিনি।
দুলালের বাড়ি পৌরসভার সুন্দরপুর এলাকায়। তাঁর বাবা নুরুল ইসলাম। পেশায় ভ্যানচালক।
ওই ঘটনায় আবদুল হান্নান (১৯) ও মনির হোসেন (৩৫) নামের আরও দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
চাটখিল থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]