লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রায় দুই কোটি ২০ লাখ টাকার দরপত্রের টেন্ডারবক্স ছিনতাই করেছে যুবলীগ নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে রায়পুর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,রায়পুর উপজেলায় পিইডিপি-৩ প্রকল্পের আওতায় দুই প্যাকেজে তিনটি বিদ্যালয়ের প্রায় দুই কোটি ২০ লাখ টাকার কাজের দরপত্র বিক্রি হয়। বিক্রয়ের শেষ দিন সোমবার পর্যন্ত এ কার্যালয় থেকে ৩৩টি সিডিউল বিক্রি হয়। মঙ্গলবার জমা দেয়ার শেষ দিন ছিল। সে অনুযায়ী সকাল থেকে দরপত্র জমা দিতে থাকে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো। দুপুর ১২টার দিকে উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাসেলের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা উপজেলা প্রকৌশলীর কার্যালয় ঢুকে টেন্ডারবক্স ছিনিয়ে নেয়।
পরে উপজেলা কার্যালয়ের সামনে টেন্ডারবক্স ভাঙচুর করে জমা পড়া দরপত্রগুলো নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
উপজেলা প্রকৌশলী মো. আক্তার হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টেন্ডারবক্স ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
রায়পুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাসেল বলেন,এ ঘটনার সঙ্গে যুবলীগের কোনো সম্পৃক্ততা নেই। যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে অসত্য।
রায়পুর থানার ওসি (তদন্ত) নাছিরুজ্জামান বলেন,রায়পুর উপজেলা পরিষদে টেন্ডার নিয়ে সমস্যা হয়েছে এমন সংবাদ পেয়েছি। তবে কারা ঘটনার সঙ্গে জড়িত সে ব্যাপারে তদন্ত চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শ্রেণীহীন
টেন্ডারবক্স ছিনতাই করেছে যুবলীগ
লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রায় দুই কোটি ২০ লাখ টাকার দরপত্রের টেন্ডারবক্স ছিনতাই করেছে যুবলীগ নেতাকর্মীরা।





