[b]ঢাকা:[/b] সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সপ্তাহে দেশের উভয় শেয়ারবাজারে বেড়েছে সূচক, লেনদেন এবং বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। নির্বাচনের পরের দিন বাজারে সূচক কমলেও পরবর্তী তিন কার্যদিবস সূচকের উত্থানে লেনদেন হয় উভয় বাজারে। সপ্তাহ শেষে দেখা গেছে, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২.১৭ শতাংশ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২.১৮ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে ৪ কার্যদিবসের লেনদেনে সূচক বেড়েছে তিন কার্যদিবস এবং কমেছে এক কার্যদিবস। অর্থাৎ সূচক বেড়েছে ৯৩.৭৩ পয়েন্ট বা ২.১৭ শতাংশ। এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া মোট ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ২১৮টি, কমেছে ৫৬টি, অপরিবর্তিত রয়েছে ২৩টির দর এবং ৩টি কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি।
অন্যদিকে গত সপ্তাহে ডিএসইতে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এ সময়ে ডিএসইতে ১ হাজার ৮২৯ কোটি ৪ লাখ ৮৬ হাজার ৯২৬ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৪২৮ কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৯১২ টাকা। আগের সপ্তাহের তুলনায় ৪০০ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১৪ টাকা বেশি লেনদেন হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৭ কোটি ২৬ লাখ ২১ হাজার ৭৩১ টাকা।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সপ্তাহজুড়ে ৪ কার্যদিবস লেনদেন হয়েছে। সার্বিকভাবে গত সপ্তাহে সিএসইতে সূচক বেড়েছে ১৮৫.০৮ পয়েন্ট বা ২.১৮ শতাংশ। গত সপ্তাহে সিএসইতে মোট ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দর।
অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৮৪ কোটি ৫ লাখ ৭১ হাজার ১৮১ টাকা। এর আগের সপ্তাহের ছিল ১৬০ কোটি ৮৮ লাখ ৬৩ হাজার ৭০৫ টাকা। অর্থাৎ গত সপ্তাহে লেনদেন বেড়েছে ২৩ কোটি ১৭ লাখ ৭ হাজার ৪৭৬ টাকা। এ হিসাবে সিএসইতে গড় লেনদেন দাঁড়িয়েছে ৪৬ কোটি ১ লাখ ৪২ হাজার ৭৯৫ টাকা।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]