নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার পাপুয়া গ্রামে আবুল খায়ের নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবুল খায়ের (৫০) পৌরসভার পাপুয়া গ্রামের সুলতান আহম্মেদের ছেলে।
সূত্র জানায়, পৌরসভার পাপুয়া গ্রামের আজিম উদ্দিন ব্যাপারি বাড়ির আবুল খায়ের ও তার প্রতিবেশি বাহার উদ্দিন অবৈধভাবে ক্যাবল নেটওয়ার্ক (ডিস) লাইন চালানোর কারণে ডিসের মালিকপক্ষ তাদের সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেয়।
সংযোগ বিচ্ছিন্ন করার জন্য এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করেন। এ নিয়ে সোমবার সন্ধ্যা ৬টার দিকে আবুল খায়েরের সঙ্গে বাহার উদ্দিনের ছেলে জাহাঙ্গীর ও শহিদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহিদ ও জাহাঙ্গীর আবুল খায়েরকে পিটিয়ে জখম করে। পরে আবুল খায়েরের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে জয়নাল অভিযোগ করে বলেন, শহিদ ও জাহঙ্গীরসহ তার পরিবারের লোকজন তার বাবাকে পিটিয়ে হত্যা করেছেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]নোয়াখালী, ৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]