সুন্দরবনের ক্ষতি করে রামপাল ও মংলায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ-সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন জাতীয় কমিটির স্থানীয় ও জাতীয় নেতারা।
সংগঠনের জেলা শাখার আহবায়ক রনজিত চট্টপাধ্যায়ের সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী শেখ মো. শহীদুল্লাহ।
সমাবেশে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশিদ ফিরোজ ও জোনায়েদ সাকি।
বক্তৃতায় নেতারা বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষা তোয়াক্কা না করে সরকার শুধুমাত্র গায়ের জোরে সুন্দরবনের জন্য ক্ষতিকর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। দেশ ও জাতীয় স্বার্থের কোনো তোয়াক্কা না করে কমিশন লোভী এ সরকার শুধুমাত্র নিজেদের পকেট ভারি করতেই সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নামে ভারতের স্বার্থ রক্ষা করছে।
সম্প্রতি মংলায়ও বেসরকারি প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের আরেকটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রসঙ্গ উল্লেখ করে বক্তারা দেশের বিভিন্ন স্থানে ওরিয়নের নানা প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন। রামপাল থেকে সুন্দরবনের আরও কাছাকাছি ক্ষতিকর এ বিদ্যুকেন্দ্র নির্মাণও প্রতিহতের ডাক দেন তারা।
বক্তারা আরও বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য এ দেশের ক্ষমতাসীন ও ক্ষমতালোভীরা ভারতের আজ্ঞাবহ হয়ে টিকে থাকতে চায়। তাই যে কোনোভাবেই তারা ভারতের স্বার্থ রক্ষা করতে তৎপর। সুন্দরবন বিধ্বংসী এ সব প্রকল্প অবিলম্বে বন্ধ করা না হলে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আবারও লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা করেন নেতারা।
চলতি মাসের মধ্যে সাতক্ষীরা, পিরোজপুর ও যশোর জেলা শহরেও একইভাবে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়। সুন্দরবন রক্ষায় জুন-জুলাই মাসে খুলনায় বিভাগীয় কনভেনশনের আয়োজন করার ঘোষণাও দেয়া হয়।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]