জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, শনিবার রাত ১২টার পর পেট্রোবাংলার ওয়েবসাইটে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি জাতীয় দৈনিকগুলোতেও বিজ্ঞাপন আকারে তা প্রকাশ করা হবে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার ইতোমধ্যে দেশে-বিদেশে রোড শো, সংবাদ সম্মেলন এবং বিভিন্ন দূতাবাসের মাধ্যমে যোগাযোগ কার্যক্রম শুরু করেছে। এ লক্ষ্যে রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সেখানে ‘বাংলাদেশ অফশোর মডেল প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ২০২৬’ এবং নতুন বিডিং রাউন্ডের বিস্তারিত তুলে ধরা হবে।
নতুন পিএসসি-২০২৬-এ বিদেশি কোম্পানিগুলোর দীর্ঘদিনের দাবির আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। অনুসন্ধান পর্যায়ে আগের মতো ৫০ শতাংশ এলাকা ছেড়ে দেওয়ার বাধ্যবাধকতা কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। এছাড়া শ্রমিক কল্যাণ তহবিলে মুনাফার অংশ ৫ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
গ্যাসের মূল্য নির্ধারণেও বড় পরিবর্তন এসেছে। আগে উচ্চ সালফার ফুয়েল অয়েলের ভিত্তিতে মূল্য নির্ধারণ করা হলেও এখন তা ব্রেন্ট ক্রুড অয়েলের সঙ্গে সমন্বয় করা হবে। নতুন কাঠামো অনুযায়ী গভীর সমুদ্রের গ্যাসের দাম নির্ধারণ হবে তিন মাসের গড় ব্রেন্ট মূল্যের ১১ শতাংশ পর্যন্ত।
পেট্রোবাংলা জানিয়েছে, বঙ্গোপসাগরে বাংলাদেশের অংশে গভীর সমুদ্রে ১৫টি এবং অগভীর সমুদ্রে ১১টিসহ মোট ২৬টি ব্লক রয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি এক্সনমবিল ও শেভরন দরপত্রে আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে। সরকার আশা করছে, সংশোধিত শর্তে এবার আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।
এমএম