[b]ঢাকা:[/b] আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর  সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের গাড়ি বহরে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১৪ দল।
বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ১৪ দলের দফতর সমন্বয়ক ও আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি

দাস স্বাক্ষরিত গণমাধ্যমকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে নেতারা বলেন,গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে ঘোষিত তফসিল অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই।

অথচ দুর্ভাগ্যজনকভাবে বিএনপি-জামাতয়াত গণতন্ত্রের নামাবলি গায়ে দিয়ে এক সর্বগ্রাসী,সর্বনাশা তথাকথিত অবরোধ নামক গণবিরোধী কর্মসূচি দিয়ে নাগরিক জীবনকে এক অসহনীয় দুর্ভোগে নিপতিত করেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও  আরো বলেন,বিএনপি-জামায়াত অপশক্তি নজিরবিহীন সহিংস, নিষ্ঠুর, নাশকতার হাত থেকে কোন শ্রেণী পেশার মানুষই রেহাই পাচ্ছে না।

তাদের শ্রেণী ও গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। হত্যা, সন্ত্রাস, অগ্নিসংযোগ, বোমাবাজির মধ্য দিয়ে তাদের হীন কুমনোবৃত্তির বহির্প্রকাশ ঘটাচ্ছে।

আমরা স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী অসাম্প্রদায়িক গণতান্ত্রিক, প্রগতিশীল সকল ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠনসমূহের কাছে আহ্বান জানাই মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ঊর্ধ্বে তুলে ধরে এই সাম্প্রদায়িক জাতিদ্রোহী গোষ্ঠীকে রুখে দাঁড়ান।
নেতারা সরকারকে জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও সাংবিধানিক দায়িত্ব পালনে আরো কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
একই সঙ্গে এই ন্যক্কারজনক ঘটনাসহ অন্যান্য সহিংস ঘটনাবলির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বাংলাদেশের ওযার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া প্রমু্খ। এ বিবৃতি প্রদান করেন।