নারায়ানগঞ্জের আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের লাশ ধলেশ্বরী নদীতে পাওয়া গেছে বলে গুজব ছড়িয়ে পড়েছে। সোমবার সন্ধ্যার পর স্থানীয়দের কাছে এমন সংবাদ পাওয়া গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে তৎপর হয়ে ওঠে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ থানা পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একাধিক টিম ৩টি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে নারায়ণগঞ্জ বন্দর ও মুন্সীগঞ্জের সীমান্ত এলাকায় শীতলক্ষ্যা ও পুরো ধলেশ্বরী নদীতে তল্লাশি শুরু করে।
এ সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও সংবাদ সংগ্রহে ধলেশ্বরী নদী ও আশপাশ এলাকায় খোজঁখবর নিতে ভিড় জমান।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম রাত ৯টার দিকে টাইমনিউজবিডিকে জানান, লোকমুখে ধলেশ্বরী নদীতে নূর হোসেনের লাশ উদ্ধারের খবর শুনে পুলিশ তল্লাশি শুরু করে। কিন্তু সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ৩ ঘণ্টা ধরে শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও মেঘনা নদীর মোহনা পর্যন্ত ৩টি ইঞ্জিনচালিত ট্র্রলার নিয়ে পুলিশের একাধিক টিম তল্লাশি চালালেও নুর হোসেন বা অন্য কারো লাশের হদিস পাওয়া যায়নি।
ওসি আরো জানান, লাশ উদ্ধারের খবর একেবারেই গুজব। ধারণা করা হচ্ছে, নারায়ণগঞ্জ থেকে একটি চক্র নূর হোসেনের লাশ উদ্ধারের এই গুজব ছড়িয়েছে।
তবে পুলিশের অপর একটি সূত্র জানায়, সাত খুনের ঘটনা ভিন্নখাতে নেওয়ার জন্য এবং এ হত্যা মামলার তদন্ত কাজ ব্যাহত করতে একটি চক্রটি লাশ উদ্ধারের গুজব ছড়াতে পারে।
বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানায় ওই সূত্র।
ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি) //জেডআই