[b]মাগুরা:[/b] জেলার সদর উপজেলার আন্দোলবাড়িয়া গ্রামের ১০টি বাড়ি ও দোকানঘর ভাংচুর-লুটপাট করেছে প্রতিপক্ষ। বুধবার দুপুর ১২টার দিকে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও গ্রাম্য মাতবর আলতাফ মণ্ডল ও আমিরুল মণ্ডলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার বিকেলে আন্দোলবাড়িয়া বাজারে আলতাফ মণ্ডলের ভাই বাকি মণ্ডলের সঙ্গে আমিরুলের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা বাকি মণ্ডলকে পিটিয়ে গুরুতর আহত করে।
এ ঘটনার জের ধরে বুধবার দুপুরে আলতাফ মণ্ডলের সমর্থকরা সংঘবদ্ধ হয়ে আন্দোলবাড়িয়া বাজারে আমিরুল মণ্ডলের সমর্থকদের ৪টি দোকানঘর ও ৬টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমএ হাসেম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।