নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে আগামীকাল সোমবার। আগামী ২৬ জুন এ আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।  
নির্বাচনে ৬ জন প্রার্থী থাকলেও ইতিমধ্যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আর শেষ দিনে যারা প্রার্থীতা প্রত্যাহার করবেন তাদের বাদ দিয়ে অন্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এর পরেই প্রার্থীদের প্রচারণা শুরু হবে।
এর আগে গত ৩০ এপ্রিল বুধবার ভোর সোয়া ৪টার দিকে ভারতের দেরাদুনের একটি হাসপাতালে মারা যান নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ ও জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য এ কে এম নাসিম ওসমান।
এরপর গত ৬ মে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আইন অনুযায়ী, কোন সংষদীয় আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
গত ১৯ মে (সোমবার)প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি)কাজী রকিব উদ্দিন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনের  তফসিল ঘোষণা করেন।
তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ মে ছিল, ১ জুন (রোববার) ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন। প্রত্যাহারে শেষ দিন ৯ জুন সোমবার।
নাসিম ওসমান জাপার প্রার্থী হিসেবে চারবার (১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে) শহর-বন্দর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর বাবা এ কে এম সামসুজ্জোহা ১৯৭০ ও ১৯৭৩ সালে এ আসনের সাংসদ ছিলেন।
[b]ঢাকা, এএম, ৮ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর  [/b]