নীলফামারী: ভয়াবহ অগ্নিকাণ্ডে নীলফামারীতে ৪০টি পরিবারের শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শেখ পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় গরু, ছাগল এবং হাঁস মুরগী আগুনে পুড়ে মারা গেছে।
ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য আনসারুল হক জানান, অগ্নিকাণ্ডে আব্দুর রহিম, রবিউল ইসলাম, জামিয়ার রহমান, মাহাবুল ইসলাম, মজিবর রহমান, রাহেলা বেগম, জিয়ারুল হকেরসহ অন্তত ৫০টি পরিবারের ঘর-বাড়িসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেন।
রাত ১২টার দিকে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, সদর থানার  অফিসার ইনচার্জ(ওসি) শাহজাহান পাশা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
নীলফামারী ফায়ার স্টেশনের টিম লিডার ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলার আগুন থেকে এর সূত্রপাত হয়।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জেইউ[/b]