চলতি মাসের ১৫ মে থেকে সারা দেশে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের  কার্যক্রম ৩ ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।    
রোববার হালানাগাদের জন্য গঠিত বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সভাকক্ষে বেলা ১২টায় শুরু হয় প্রায় ২ঘন্টা ব্যাপী সমন্বয় কমিটির বৈঠক চলে। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক,আনসারের মহাপরিচালকসহ ইসির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসি সূত্র জানায়, প্রথম পর্বে বাড়ি বাড়ি গিয়ে ইসির সুপারভাইজাররা তথ্য সংগ্রহ করবেন ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত, রেজিস্ট্রেশন কেন্দ্রে নিবন্ধন করা হবে ২৬ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত।
দ্বিতীয় পর্বে তথ্য সংগ্রহ চলবে ১৫ জুন থেকে ২৪ জুন। নিবন্ধন হবে ১৮ জুলাই থেকে ১৫ সেপ্টম্বর এবং তৃতীয় পর্বের তথ্য সংগ্রহ চলবে ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর, রেজিস্ট্রেশন চলবে ১৮ সেপ্টম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত।
২০১৫ সালের ১ জানুয়ারির মধ্যে যাদের বয়স ১৮ বা তার বেশি হবে তাদের ভোটার করা হবে।
এর আগে যারা ভোটার হতে পারেননি তারাও ভোটার হতে পারবেন। এ ছাড়া ১৮ বছরের কম বয়সে ভোটার হওয়া, একাধিক মিথ্যা তথ্য বা ভুল ঠিকানা দিয়ে ভোটার হওয়ার বিষয়ে নিরুৎসাহিত করেছে ইসি। এ অপরাধের জন্য অনধিক ৬ মাস কারাদণ্ড বা ২ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
ভোটার তালিকা হালনাগাদের সময় যাদের পরিচয়পত্র হারিয়ে গেছে, তারা থানায় জিডি করে উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করে নতুন করে জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন। আবার কারও জাতীয় পরিচয়পত্রে ভুল থাকলে তাও সংশোধন করতে পারবেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, আগামী ১৫ তারিখ থেকে ৩ ধাপে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু  হবে। রোববার ইসি’র কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দেশে বর্তমানে মোট ভোটারসংখ্যা ৯ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৬৪১ জন।
[b]ঢাকা, এএম , ৪ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর [/b]