যশোর জেলার মণিরামপুরে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে গ্রাম পাহারাদাররা।
শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের চাঁপাকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ দুই  পাহারাদারকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  শুক্রবার দিবাগত রাতে  প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন উপজেলার ঢাকুরিয়া বাজারের দি সান টেইলার্সের মালিক আসাদুজ্জামান আসাদ। তাঁর নিজ গ্রাম চাঁপাকোনায় পৌঁছলে পাহারাদাররা তার ওপর হামলা চালালে প্রাণে বাঁচতে দৌড়ে বাড়ির ভিতর প্রবেশ করেন আসাদ। সেখানে স্ত্রী ও ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদের সামনেই তাকে পিটিয়ে আহত করে মৃত ভেবে ফেলে রেখে চলে যান পাহারাদাররা।
পরে স্থানীয়রা আহত অবস্থায় আসাদকে ভ্যানগাড়িযোগে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে আবারও আক্রমণ করেন ওই পাহারাদাররা। এক পর্যায়ে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ডাক্তার তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে নেয়ার পর মৃত্যু হয় তাঁর।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী আসাদের ভাই শহিদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে ঘটনায়  প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে গ্রাম পাহারাদার বিশ্বনাথ মণ্ডল ও বিশ্বরঞ্জন মল্লিক নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহতের স্ত্রী শিল্পী খাতুন জানান, ঘটনার আগের রাতে দোকান থেকে বাড়ি ফেরার সময় পাহারাদাররা তার স্বামীর চোখে টর্চ লাইটের আলো মারে। তাতে আসাদ বাইসাইকেল থেকে পড়ে গিয়ে আঘাত পান। পাহারাদারদের সঙ্গে এ সময় আসাদের কথা কাটাকাটি হয়। এ ঘটনার পরের রাতেই তাকে পরিকল্পিতভাবে ওই পাহারাদাররা পিটিয়ে হত্যা করেছে বলে তিনি দাবি করেন।
এলাকাবাসী জানায়, সম্প্রতি পার্শ্ববর্তী হাজরাইল গ্রামের ঋষিপল্লীতে গৃহবধু ধর্ষণের ঘটনার পর ওই গ্রামেও পাহারার ব্যবস্থা করে স্থানীয়রা। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মিজানুর রহমান খান জানান, টর্চ লাইটের আলোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত  চলছে। এ ব্যাপারে দুইজনকে আটক করা হয়েছে।
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]