[b]জয়পুরহাট:[/b] মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা ছয়টার দিকে আক্কেলপুর-বগুড়া সড়কের হিকমিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জয়পুরহাট সদরের বিল্লা গ্রামের ফেরদৌস আলম ও নওগাঁর ধামুরহাট উপজেলার ফতেপুর গ্রামের হানিফ।
নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে ফেরদৌস আলম ও হানিফ বগুড়ার দুপঁচাচিয়া থেকে জয়পুরহাটের আক্কেলপুরে আসছিল। পথে আক্কেলপুরের হিকমিতে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় তারা দুজনই ছিটকে পড়ে। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আক্কেলপুর থানায় নিয়ে আসে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল সাদিক ঘটনার সত্যতা স্বীকার করে বেলন, ফেরদৌস ও হানিফের বিরুদ্ধে চোরাচালানীর সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।