[b]ঢাকা:[/b] প্রহসনের নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ।
আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনডিএফ নেতারা এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীসহ এনডিএফের অপর দুই নেতা আসম আবদুর রব ও বঙ্গবীর কাদের সিদ্দিকী।
প্রহসনের এ নির্বাচনে জনগণের কোন সম্পৃক্ততা নেই মন্তব্য করে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী প্রশ্ন করেন, আওয়ামী লীগের ভোট গেলো কোথায়? এ নির্বাচনে ভোট পড়েছে মাত্র দুই থেকে আড়াই পার্সেন্ট।
তিনি বলেন, গণতন্ত্রের পথে হাঁটুন। প্রহসনের এই নির্বাচন বাতিল করুন। নির্দলীয় সরকারের নতুন নির্বাচনের ব্যবস্থা করুন।
তিনি আরো বলেন, দেশকে সম্ভাব্য গৃহযুদ্ধের হাত থেকে বাঁচানোর দায়িত্ব প্রধানমন্ত্রীর। ৫ই জানুয়ারির নির্বাচনটি সঠিক হয়নি। আগামী নির্বাচন কবে, কখন হবে তা নিয়ে আলোচনায় বসুন।
গণতন্ত্র লজ্জা পেয়েছে মন্তব্য করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, প্রহসনের এ নির্বাচনে শতকরা ৫ ভাগ মানুষও ভোট দেয়নি। এ নির্বাচনের মাধ্যমে দেশের শতকরা ৯৫ ভাগ মানুষ ও বাংলাদেশ পরাজিত হয়েছে। সারা বিশ্ব এ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। তবে শুধু মাত্র একটি রাষ্ট্র ব্যতীত। নৌকা মার্কায় সরকারী দল আবার নৌকা মার্কায়ই বিরোধী দল। এটি কোন গণতন্ত্র নয়।
প্রধানমন্ত্রীকে সরকার গঠন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রহসনের নির্বাচনের সরকার গঠন করলে সেটা হবে অগণতান্ত্রিক ও অগ্রহণযোগ্য।
বিকল্পধারার সভাপতি বলেন, ফলাফল ঘোষণা করতে যে দীর্ঘ সময় লেগেছে তাতেই প্রমাণিত হয় কতটা জালিয়াতি হয়েছে এ নির্বাচনে। আর এর দায়ভার নির্বাচন কমিশনকেই নিতে হবে। প্রহসনের এই নির্বাচনকে স্বাভাবিক নির্বাচন হিসেবে আখ্যায়িত করায় ভবিষতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে জালিয়াতির মামলা হতে পারে।
তিনি বলেন, সরকারের অগণতান্ত্রিক আচরণে যেমন এনডিএফ সমর্থন করে না তেমনি বিরোধী দলের হরতাল-অবরোধে সমর্থন করে না।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, প্রহসনের এ নির্বাচনে জাতীয় সম্পদ এবং মূল্যবান সম্পদ নষ্ট হয়েছে। এ ছাড়া আর কোন কাজই হয়নি।
জেএসডি সভাপতি আ স ম আব্দুর বলেন, সেনাবাহিনী বিশ্বে যে সম্মান অর্জন করেছে প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে আমরা তা ধূলিস্মাৎ করে দিলাম। সংবিধান রক্ষার নামে এ নির্বাচনে মূলত গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা এবং সংবিধানকে ধ্বংস করা হয়েছে।
শ্রেণীহীন
আওয়ামী লীগের ভোট গেলো কোথায়? ভোট পড়েছে আড়াই পার্সেন্ট
প্রহসনের নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ।





