[b]কায়রো:[/b] মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে বুধবার দ্বিতীয় দিনের মতো আদালতে হাজির করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
ক্ষমতায় থাকাকালে 'সহিংসতায় উস্কানি' দেয়ার তথাকথিত অভিযোগে তাঁর বিচার চলছে। গতকাল মঙ্গলবার তাঁর বিচারের দ্বিতীয় সেশন শুরু হয়। এর আগে গত নভেম্বরে তাঁর বিচার শুরুর কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়।
বুধবার দ্বিতীয় সেশনের দ্বিতীয় দিনে তাঁকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পরবর্তীতে জানায়, বৈরী আবহাওয়ার কারণে তাঁর বিচার মুলতবি করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ের ৩ তারিখ সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। এরপর থেকেই ব্রাদারহুডের উপর ব্যাপক দমন-পীড়ন শুরু করে সেনাবাহিনী। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মুরসির সমর্থকেরা কায়রোর রাবা স্কয়ারে অবস্থান নিলে সেখানে মারাত্মক হত্যাযজ্ঞ চালায় সামরিক বাহিনী। এতে কয়েক হাজার মুরসি সমর্থক নিহত হন। এরপর থেকে প্রায় প্রতিদিনই অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ করে আসছেন তাঁরা।
অভ্যুত্থানের পর থেকে মোহাম্মদ মুরসিকে ভূমধ্যসাগরের উপকূলীয় শহর আলেকজান্দ্রিয়ার কারাগারে আটকে রাখা হয়েছে। সেখান থেকে হেলিকপ্টারে করে তাঁকে কায়রোর পুলিশ ক্যাম্পে হাজির করার কথা।
এদিকে, তথাকথিত কয়েকটি অভিযোগে মুরসিসহ মুসলিম ব্রাদারহুডের শীর্ষ ১৪ জন নেতাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। মুরসির বিরুদ্ধে গত মাসে নতুন করে দুটি অভিযোগ আনা হয়। এ অভিযোগ দুটি হচ্ছে- ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইরানের সঙ্গে মিলে মিশরের বিরুদ্ধে ষড়যন্ত্র; আরেকটি অভিযোগ হচ্ছে ২০১১ সালে মোবারক বিরোধী আন্দোলনের সময় জেল ভেঙ্গে পালিয়ে যাওয়া।