গত এক দশকে বাংলাদেশে দারিদ্র্য নিরসনের হারে বেশ অগ্রগতি হলেও এখন পর্যন্ত বাংলাদেশের নাম বিশ্বের চরম দারিদ্র্য সীমার নিচে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম।
মঙ্গলবার বিশ্বের দারিদ্র্য নিরসনে অগ্রগতি বিষয়ক বিশ্ব ব্যাংক গ্রুপের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৫টি দেশে সবচেয়ে বেশি দরিদ্র জনগোষ্ঠীর বসবাস। এর মধ্যে ভারতে সবচেয়ে বেশি দরিদ্র জনগোষ্ঠী।
এরপর যথাক্রমে চীন, নাইজেরিয়া, বাংলাদেশ ও ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো। এসব দেশে প্রায় ৬৫ শতাংশ দরিদ্র রয়েছে। বিশ্বব্যাংক এটাকে চরম দারিদ্র্য বলে অভিহিত করেছে।
যে সব মানুষের দৈনিক আয় ১ দশমিক ২৫ ডলারের চেয়েও কম বিশ্বব্যাংক তাদেরকে চরম দরিদ্র হিসেবে বিবেচনা করে। ২০১০ সাল থেকে বর্তমান সয়ম পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের পরিসংখ্যান নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]