ঢাকা: নয়াপল্টনে যাওয়ার কোন ইচ্ছাই ছিল না খালেদা জিয়ার। গেটের সামনে তিনি নাটক করেছেন। তার অনুরোধে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
মার্চ ফর ডেমোক্রেসির প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে রোববার বিকাল সোয়া ৫টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি সম্পর্কে সৈয়দ আশরাফ বলেন,বেগম খালেদা জিয়ার আহ্বানে দেশের মানুষ সাড়া দেয়নি। তাই জনগণ ওই কর্মসূচিতে অংশ নেয়নি।
তিনি বলেন,তার (খালেদা) সাজ-সজ্জা দেখে মনে হয়নি তিনি দলীয় কার্যালয়ে কর্মসূচির জন্য যাবেন। তিনি যেভাবে সেজেগুজে বের হয়েছিলেন তাতে মনে হচ্ছিল কোনো পার্টিতে যাবেন।
বাধা দেওয়া সম্পর্কে সৈয়দ আশরাফ বলেন,তাকে কর্মসূচিতে যেতে বাধা দেওয়া হয়নি। তিনি নিজেই দলীয় কর্মীদের মাধ্যমে বারবার তার নিরাপত্তা জোরদারের কথা বলেছেন।
সংবাদ সম্মেলনে সৈয়দ তিনি বলেন,সুপ্রিমকোর্ট চত্বরে যে বিশৃঙ্খলা করা হয়েছে,সেখানে কোনো আইনজীবী ছিলেন না। শীতকালীন ছুটিতে কোর্ট বন্ধ থাকায় তাদের অধিকাংশই বাড়িতে আছেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সুপ্রিমকোর্ট চত্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনা যুবদল-ছাত্রদল ও শিবিরের ক্যাডারা করেছে।
তিনি বলেন,যুবদল-ছাত্রদল এবং শিবির ক্যাডারদের আইনজীবীদের কালো পোশাক পরিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তারাই সেখানে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
সৈয়দ আশরাফ বলেন,তারা যত ষড়যন্ত্রই করুক বাংলার মাটিতে যুদ্ধাপরাধের বিচার হবেই। এছাড়া ৫ জানুয়ারির নির্বাচন হবেই। কোনো ভাবেই কেউ বাধা দিতে পারবে না।