পাবনায় জামায়াতের ডাকা মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সোমবার বিকেলে এই হরতালের ডাক দেয় জেলা জামায়াত।
জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব মন্ডল ও শহর শিবিরের সভাপতি আরিফুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে ডাকা মঙ্গলবারের হরতাল শুরুর পর পাবনা থেকে দূরপাল্লার ভারী যান চলাচল বন্ধ রয়েছে। তবে শহর ও জেলার অভ্যন্তরীণ রুটে হালকা যান চলাচল স্বাভাবিক রয়েছে। দোকানপাট তেমন একটা খোলেনি।
সকাল ৮টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের রাজাপুর,বাঙাবাড়ীয়া, জহরাবাজ,গঙ্গারামপুর,ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের নতুন হাট বটতলা,চাঁদ আলীর মোড়,কলের কান্দি বটতলায় হরতালের সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। ১০ টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও আইন শৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
সোমবার দুপুরে হরতাল ও অবরোধে নাশকতা সৃষ্টির মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব মন্ডল ও শহর শিবিরের সভাপতি আরিফুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে।





