[b]তেহরান:[/b] ২০ জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তি। রোববার এ খবর জানিয়েছে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। খবর আইআরআইবির। বার্তা সংস্থা রয়টার্সও একই খবর জানিয়েছে।
আব্বাস আরাকচি রোববার সন্ধ্যায় জানান,ইরান ও ৫+১ গ্রুপ (ছয় জাতিগোষ্ঠী) চুক্তি বাস্তবায়নের যৌথ পরিকল্পনা কার্যকরের প্রথম পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। দু’পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন,"ইরান জেনেভা চুক্তি বাস্তবায়ন শুরু করলে ছয় জাতিগোষ্ঠীও তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা শুরু করবে।"
গত ২৪ নভেম্বর জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানির সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠী তেহরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি সই করে। চুক্তিতে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাতে এবং পাশ্চাত্য ইরান বিরোধী নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি আগে আরোপিত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সম্মত হয়।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও অন্যতম শীর্ষ পরমাণু আলোচক আরাকচি বলেন,"ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ২০ থেকে কমিয়ে আনবে এবং প্রতিপক্ষ তাদের হাতে আটক ইরানের ৪২০ কোটি ডলার মূল্যের সম্পদ ফিরিয়ে দেবে। দু’পক্ষ ভারসাম্যপূর্ণ উপায়ে জেনেভা চুক্তি বাস্তবায়ন করবে বলে জানান তিনি।"
জেনেভা চুক্তি বাস্তবায়নের কার্যকারিতা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র পরিদর্শকদের এদেশ সফরে আসতে দেবে বলেও জানিয়েছেন আরাকচি। জেনেভা চুক্তি বাস্তবায়নের জন্য সুইজারল্যান্ডের এ শহরটিতেই দু’পক্ষের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের দু’দিনব্যাপী বৈঠক শেষে রোববারের এ ঘোষণা এল। সূত্র: আইআরআইবি
টাইম নিউজ/এসএমএ