[b]নিউইয়র্ক:[/b] যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ী মহিউদ্দিন মাহমুদ দুলালকে নিজ বাড়িতেই কেবা-কারা গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। তার এ  রহস্যজক খুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে গোটা বাংলাদেশি কমিউনিটি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার গভীর রাতে ব্রুকলীনের ম্যাকডোনাল্ড নামক রাস্তায় নিজ বাড়ির ভূগর্ভস্থ ঘরে তার গলা কাটা লাশের সন্ধান পাওয়া গেছে।  
দুলালের খুনের খবর পেয়ে ব্রুকলীন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাসী চালিয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন হত্যার রহস্য খুঁজে পায়নি। খুনের সাথে জড়িতদের ধরতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।  
নিহত দুলালের ৫৪৬ ব্রুকলীনের ম্যাকডোনাল্ড রাস্তার বাড়ির ভূগর্ভস্থ ঘরে ভাড়া থাকতেন নোয়াখালীর বেগমগঞ্জের রাসেল নামের এক যুবক। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার রহস্যজনক নিখোঁজের কারনে স্থানীয় অনেকেই তাকে সন্দেহ করছে।
নিহত দুলালের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপের রহমতপুরে। তার বাবা মোহাম্মদ হোসেন রহমতপুরে কারগিল গভর্নমেন্ট হাই স্কুলের শিক্ষক ছিলেন। বাবা-মায়ের বড় ছেলে দুলাল স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে এসেছিলেন ১৯৯২ সালে। তিনি স্ত্রী এবং ৩ সন্তান নিয়ে ব্রুকলীনের ম্যাকডোনাল্ড রাস্তার ওই বাড়িতেই বাস করতেন।
বাড়ির নিচ তলায় গহনার দোকান দিয়েছিলেন দুলাল। বছর দেড়েক আগে দোকান বন্ধ করে দিয়ে ভাড়া দেন একটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটকে। নিচের ভূগর্ভস্থ একটি রুমে ‘চেক-ক্যাশিং এর ব্যবসা চালাতেন এবং সেখানেই তিনি খুন হন।
কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট পিপল এন টেকের ব্যবস্থাপক মিসবাহকে ওই খুনের ব্যাপারে পুলিশ জিজ্ঞাসাবাদও করেছে। এদিকে নিহত দুলালের লাশ পরীক্ষার জন্য স্থানীয় মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে।