[b]ঢাকা:[/b] বিএনপির আটক ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের সহ-সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলকে রমনা থানার বিস্ফোরক মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম আমিনুল হক এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে ৭দিনের রিমান্ড চাইলে আদালত এ দুই নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার বেলা ৩টার সময় মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয় থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে আনা হয়।
গত ৪ জানুয়ারি রমনা জোনের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জানুয়ারি রমনা থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১৪)। ওই মামলায় আটক তিন নেতাকে গ্রেফতার দেখানো হয়।
গতকাল মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবেএ কটি অনুষ্ঠান শেষে বের হবার পর পুলিশ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের সহ-সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে আটক করে।
প্রায় একই সময় বিভিন্ন স্থান থেকে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকসহ ছয় বিএনপি নেতাকে আটক করা হয়। পরে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে রেখে ফারুকসহ অন্যদের ছেড়ে দেয়া হয়।
এদিকে রাতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করার পর পুলিশ সেলিমা রহমানকে আটক করে।
আটককৃতদের মিন্টো রোডের মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।