[b]ঢাকা:[/b] ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন করার আহবান জানানো হয়েছে।
বুধবার ‘পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) ১৪৩৫ হিজরি বাস্তবায়নে ইমাম ও খতিবগণের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় ঢাকার বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ এ আহ্বান জানান।
মতবিনিময় সভায় বক্তাগণ বলেন,মহানবী (সা.)-এর আদর্শ সবার মধ্যে ছড়িয়ে দেয়ার উদ্যেশ্যেই এই অনুষ্ঠান বাস্তবায়ন করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন,ড. মাওলানা আব্দুল কাইয়ূম আল আজহারি,মাওলানা আব্দুর রজ্জাক, ড. মাওলানা এমাদ উদ্দিন,মাওলানা শরীফ মোহাম্মদ মোশতাক আহমেদ ও এডভোকেট দেলওয়ার হোসেন আশরাফি।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন,ইসলামের প্রসার ও প্রচারের লক্ষে এবং মহানবীর আদর্শ সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সারা দেশের বিভাগীয় শহর ও দেশের ৬৪টি জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) পালন করা হবে। এসব মাহফিলে দেশের বিশিষ্ট আলেম-ওলামা ওয়াজ করবেন।
এদিকে আগামী ১৪ জানুয়ারি মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।