পাবনার ঈশ্বরদীতে হামলা করে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নিয়ে গেছে আসামিপক্ষের লোকজন। এ সময় বাধা দিতে গেলে আসামীপক্ষের হামলায় পুলিশসহ ৬জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পলাশ নামে এক যুবককে আটক করেছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের জোতগাজী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এক বছর আগে উপজেলার কালিকাপুর গ্রামের ব্যবসায়ী মজিবর রহমানকে হত্যা করা হয়। এ হত্যামামলার প্রধান আসামি জোতগাজী গ্রামের আকাত মালিথা তার বাড়িতে অবস্থান করছে এ সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে সাদা পোশাকে কয়েকজন পুলিশ মামলার বাদী ও তাদের স্বজনদের নিয়ে নিজ বাড়ি থেকে আকাত মালিথাকে গ্রেফতার করে।
জোতগাছি গ্রামের বাসিন্দা রাসেল হোসেন অভিযোগ করে বলেন,‘ওই সময় পুলিশের সামনেই মামলার বাদী পক্ষের লোকেরা আসামি আকাতকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে আসামি আকাত মালিথার পক্ষের লোকজন একত্রিত হয়ে পুলিশ ও বাদীপক্ষের লোকজনের ওপর হামলা চালিয়ে আসামি আকাতকে ছিনিয়ে নেন ও পুলিশকে অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আসামিপক্ষের হামলায় ঈশ্বরদী থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই সাহাজ উদ্দিন, কনস্টেবল মিজান, মামলার বাদী আনসারুল ইসলাম, জুয়েল, সজিব, আকাত, পলাশসহ ছয়জন আহত হন। আহতদের মধ্যে জুয়েল ও সজিবকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আসামি পালিয়ে যাওয়ার কথা স্বীকার করে ঈশ্বরদী থানার দ্বিতীয় কর্মকর্তা সাহাজউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আসামিকে গ্রেফতার করার পর পুলিশের উপস্থিতিতে আসামি ও বাদীপক্ষের মধ্যে সংঘর্ষ হলে আসামি আকাত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।’
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউবিডি.কম) // জেএ[/b]