মহাজোট সরকারের প্রভাবশালী নেতা মিরপুরের আসলামুল হক এমপি এবং সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য এমএ জব্বারকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুপুরে দুদকের প্রধান কার্যালয় থেকে ওই দুই সাবেক ও বর্তমান সংসদ সদস্যের অফিস এবং বাসার ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে।
বিষয়টি টাইমনিউজকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মো. আসলামুল হকের কাছে সম্পদ বিবরণীর নোটিশটি পাঠান অনুসন্ধানী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক শেখ ফাহিয়াজ আলম।
অপরদিকে সাবেক সংসদ সদস্য এমএ জব্বারের কাছে সম্পদ বিবরণীর নোটিশটি পাঠান অনুসন্ধানী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান।
এর আগে গত ৫ মার্চ দুদক কার্যালয়ে ডেকে এনে আসলামুল হক এমপিকে প্রাথমিকভাবে জিজ্ঞানসাবাদ করেন উপ-পরিচলক শেখ ফাহিয়াজ আলম।
দুদক সূত্রে জানা গেছে, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা অনুসারে আসলামুল হক ও তার স্ত্রী মাকসুদা হকের জমি ছিল ৪ একর ১৯ দশমিক ৫ শতাংশ। হলফনামায় ওই জমির দাম দেখিয়েছেন ২০ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা। আর দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা অনুসারে আসলামুল হক ও তার স্ত্রী এখন ১৪৫ দশমিক ৬৭ একর (১৪ হাজার ৫৬৭ দশমিক ৫৪ শতাংশ) জমির মালিক। জমির দাম উল্লেখ করা হয়েছে ১ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।
দুই হলফনামা অনুসারে ৫ বছরে স্বামী-স্ত্রীর জমি বেড়েছে ১৪০ একরের বেশি। আর বাড়তি এই জমির মূল্য দেখিয়েছেন ১ কোটি ৭২ লাখ ৩০ হাজার টাকা।
গত ৫ বছরে আসলামুল হকের শিক্ষাগত যোগ্যতা বেড়েছে। ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি ছিলেন অষ্টম শ্রেণী পাস। এখন তিনি বিবিএতে (স্নাতক ব্যবসায় প্রশাসন) অধ্যয়নরত।
এদিকে সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ জব্বারকে গত ২৭ ফেব্রুয়ারি দুদকে ডেকে এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান।
জব্বারের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তার প্রদেয় হলফনামাও পর্যালোচনা করা হয়েছে।
তার বিরুদ্ধেও বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। প্রাপ্ত তথ্য উপাত্ত যাচাই বাছাই করার জন্য জব্বারকে জিজ্ঞাসাবাদের পর এবার তার স্থাবর –অস্থাবর সম্পদের বিবরণী চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।
[b]ঢাকা, একে, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
আসলামুল হক ও জব্বারকে দুদকের নোটিশ
মহাজোট সরকারের প্রভাবশালী নেতা মিরপুরের আসলামুল হক এমপি এবং সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য এমএ জব্বারকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)





