ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ইউপি সদস্য জামায়াত নেতা আবুল কালামকে অপহরণ করা হয়েছে। অপহৃত আবুল কালাম কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের সদস্য ও স্থানীয় জামায়াত নেতা।
শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটলেও সন্ধ্যা পর্যন্ত পুলিশ বিষয়টি অস্বীকার করছে। তবে পরিবারের অভিযোগ সাদা পোশাকধারী পুলিশ তাকে তুলে নিয়ে গেছে।
অপহৃত আবুল কালামের ছেলে হাফিজুর রহমান জানান,একটি নীল রংয়ের প্রাইভেটকারে করে তার বাবাকে পুলিশ তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান,কোটচাঁদপুর থানার এসআই মিজানুর রহমান এই অভিযানের নেতৃত্ব দেন। গাড়িটি ছিল এসআই মিজানের। উপস্থিত লোকজন এসআই মিাজনকে চিনেছেন বলে সংবাদকর্মীদের জানান। তবে এসআই মিজান সাংবাদিকদের বলেছেন শুক্রবার তিনি কোনো অভিযানে যাননি।
আবুল কালামের পারিবারিক সূত্র জানায়,সাদা পোশাকের পুলিশরাই হাফেজ কালামকে তুলে নিয়ে কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া পুলিশ ফাঁড়িতে আটকে রাখে। খবর পেয়ে দু'জন স্থানীয় সাংবাদিক গুড়পাড়া পুলিশ ফাঁড়িতে কালামের ছবি তুলতে গেলে তাদেরকে মারধর করতে উদ্যত হয় পুলিশ সদস্যরা। পরে সেখান থেকে দুপুরে ঢাকা মেট্রো গ ১১-২২৩১ নাম্বারের একটি মাইক্রোবাসে তুলে কালামকে অজানার উদ্দেশ্যে নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ওসি ফজলুর রহমান জানিয়েছেন,তাদের কোনো অভিযানে ইউপি সদস্য আব্দুল কালামকে আটক বা গ্রেফতার করা হয়নি।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]