নীলফামারীতে  দিনেদুপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্থানীয় লোকজন স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের থানাপাড়া এলাকার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, নিহতের নাম রোখসানা বেগম (২১)। তিনি ওই এলাকার নুরুন্নবীর (৩২) স্ত্রী। ঘাতক স্বামী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নৈশপ্রহরী। নীলফামারীর অফিসের সামনেই হামিদুর রহমান চৌধুরীর বাসায় ভাড়া থাকতেন তারা।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বাড়ির মালিক হামিদুর রহমান দুপুর আড়াইটার দিকে পাশের বাসায় ভাড়াটিয়ার ধস্তাধস্তির শব্দ শুনে গলাকাটা অবস্থায় রোখসানা বেগমকে ঘরের মেঝেতে ছটফট করতে দেখেন। এ সময় তিনি তিন বছর বয়সী ছেলে আব্দুল মালেককেও নুরুন্নবী হত্যার জন্য উদ্যত হলে ভাড়াটিয়ারা শিশুটিকে ছিনিয়ে নেন। পরে তাকে আটক করে সদর থানা পুলিশের হাতে তুলে দেন।
ঘটনার পর পরই পুলিশ সুপার জোবায়দুর রহমান ও সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেতে পারে।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]