প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে যশোরের অভয়নগর উপজেলার মালোপাড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে করবেন।
দেশের কোনো প্রধানমন্ত্রীর এ অঞ্চলে আগমন কিংবা জনসভা এটাই প্রথম। এখানকার মানুষের মাঝে তাই বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পরিদর্শন শেষে শেখ হাসিনা স্থানীয় নওয়াপাড়া শংকরপাশা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠের জনসভায় ভাষণ দেবেন বলে জানা গেছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মালোপাড়াসহ অভয়নগরের নওয়াপাড়া অঞ্চলে চলছে রাস্তাঘাট সংস্কার,পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান। বিদ্যুৎ সংযোগপ্রাপ্তির সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে ডিশ লাইন। নির্মাণ করা হচ্ছে মালোপাড়ার ক্ষতিগ্রস্তদের জন্য ঘরবাড়িও।
জানা যায়,ইতোমধ্যে ১০টি সেমিপাকা বাড়ি বিজিবি’র নিজস্ব অর্থায়নে তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য ঘরগুলোও তৈরি করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়,বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত ছিল মালোপাড়ার বাসিন্দারা। আশপাশে বিদ্যুৎ সংযোগ থাকলেও মালোপাড়ার ১১০ পরিবারে ছিল না সেই সুবিধা। ৫ জানুয়ারি নির্বাচনোত্তর তান্ডবের পর সেখানে বিদ্যুতের খুঁটি পোতা হয়েছে। কাঁচা রাস্তা পাকাকরণে হরদম কাজ চলছে। বিজিবির তত্ত্বাবধানে করা হচ্ছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণের কাজ।
দশম জাতয়ি সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠানের কিছু পর থেকেই এসব অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নেমে আসে  হামলা-নির্যাতনের খড়গ।