[b]ঢাকা:[/b] আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভা অবৈধ বলে মন্তব্য করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।
রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভা অবৈধ, বেআইনী ও সংবিধান পরিপন্থী। ৫ জানুয়ারির ভোটারবিহীন, গণপ্রত্যাখ্যাত তামাশার নির্বাচনের মাধ্যমে তথাকথিত ১০ম সংসদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। এ সংসদ জনগণের ভোটে নির্বাচিত হয়নি।
তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের কয়েকটি পকেট সংগঠন জবরদখল করে আজ্ঞাবহ নির্বাচন কমিশন দ্বারা নির্বাচনের নামে নাটক করে সংসদ তৈরি করেছে। এ সংসদ ও সরকার বাংলাদেশের ১৬ কোটি মানুষের কোনো প্রতিনিধিত্ব করে না। জনগণ এ সরকারকে প্রত্যাখ্যান করেছে। দেশে-বিদেশে এ সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই।
বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জনগণ বহু ত্যাগ স্বীকার করেছে। জনগণের ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের বুকে ছুরিকাঘাত করে, জনগণকে মতামত প্রকাশের সুযোগ না দিয়ে, রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে, দেশের মানুষকে জিম্মি করে, নির্বাচনের নামে যে নাটক করা হয়েছে এবং গণপ্রত্যাখ্যাত নির্বাচনের নামে যে সরকার গঠন করা হলো তা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।