[b]দিনাজপুর:[/b] জেলার হিলিতে অবরোধকারীদের হামলায় পেঁয়াজবাহী ট্রাকের চালকসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন জন। বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ঘোড়াঘাট উপজেলার কাছে ইটাই বাওনা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
হিলি স্থলবন্দর থেকে ঘোড়াঘাট অভিমুখে একটি পেঁয়াজবাহী ট্রাক যাওয়ার পথে অবরোধকারীরা পেট্রল বোমা ছুড়ে মারে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে গেলে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ দুই জন নিহত হন। আহত হয় ট্রাকের শ্রমিকসহ আরও তিন জন।
আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাকিমপুর থানায় নিয়ে আসে।
দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী এ হতাহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।





