[b]বৈরুত:[/b] লেবাননের রাজধানী বৈরুতে ইরানের দূতাবাসে হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি হামলার দায় স্বীকার করা আবদুল্লাহ আজম ব্রিগেডের একজন শীর্ষস্থানীয় নেতা বলে জানা গেছে। খবর বিবিসির।
লেবাননের প্রতিরক্ষামন্ত্রী ফায়েজ ঘোসন এএফপিকে জানান, মাজিদ আল-মাজিদ নামের এই ব্যক্তিকে সম্প্রতি বৈরুত থেকে আটক করা হয়।
সৌদি আরবভিত্তিক আবদুল্লাহ ব্রিগেড লেবাননের একটি সুন্নী সশস্ত্র গোষ্ঠী। এর সঙ্গে আল কায়েদার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা যায়। সৌদি রাজবংশের একজন এই ব্রিগেডের প্রধান বলে গণমাধ্যমগুলো জানিয়েছে। আটককৃত মাজিদ সৌদি রাজপরিবারের সদস্য বলেই ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত গত নভেম্বরে বৈরুতে অবস্থিত ইরানের দূতাবাস লক্ষ্য করে দুটি আত্মঘাতী হামলা চালানো হয়। হামলায় ২৩ জন নিহত হন। নিহতদের মধ্যে ইরান দূতাবাসের সাংস্কৃতিক বিষয়ক প্রধান কর্মকর্তাও রয়েছেন।
হামলার দায় স্বীকার করে আবদুল্লাহ আজম ব্রিগেড। প্রতিবেশি সিরিয়ার গৃহযুদ্ধে আসাদ সরকারকে ইরান ও লেবাননের হিজবুল্লাহ সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ করে আজম ব্রিগেড। এর প্রতিশোধ নিতেই তারা এ হামলা চালায় বলে স্বীকার করে। আসাদ প্রশাসনকে সহায়তা বন্ধ না করলে আরো হামলা চালানো হবে বলে ঘোষণা দেয় আজম ব্রিগেড।
উল্লেখ্য, ২০০৯ সালে প্রতিষ্ঠিত আবদুল্লাহ আজম ব্রিগেড হচ্ছে মূলত লেবাননভিত্তিক একটি সুন্নী সশস্ত্র গোষ্ঠী। তবে, অন্যান্য আরব দেশেও এর তৎপরতা রয়েছে বলে জানা যায়।
তবে, ২০০৯ সালে প্রতিষ্ঠিত হবার প্রমাণ পাওয়া গেলেও ২০০৪ ও ২০০৫ সালে মিশরে দুটি হামলার পর এই ব্রিগেডের নামে দায় স্বীকার করা হয়। এ ছাড়া, ২০১০ সালে সৌদি আরবে জাপানের তেল ট্যাঙ্কারে হামলার ঘটনায় আজম ব্রিগেডকে দায়ী করা হয়।