বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এনএনএর প্রতিবেদনে বলা হয়, আল-মানসুরিতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে তা আশপাশের গ্রামগুলোতেও অনুভূত হয়। একই সময়ে হাদ্দাতা শহরের উপকণ্ঠে ভারী মেশিনগান দিয়ে গুলিবর্ষণের পাশাপাশি শহরটিতে তীব্র কামান হামলা চালানো হয়।
এ ছাড়া বানি হাইয়ান ও কাফার তেবনিত এলাকার কাছ থেকেও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিন্ত জুবাইল জেলার বেইত লিফের কাছে ওয়াদি মাজলাম এবং নাবতিয়ে এলাকার জাওতার আল-শারকিয়াহ অঞ্চলেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
একাধিক এলাকায় হামলার ঘটনায় লেবাননের দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
গত কয়েক মাস ধরে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে স্থল ও বিমান হামলা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী। এ সময় বিভিন্ন গ্রামে বেসামরিক মানুষের ওপর দমন-পীড়ন এবং তাদের বাড়িঘর থেকে উচ্ছেদের অভিযোগও উঠেছে। এর ফলে লেবাননের কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ও ইয়েমেনে চলমান অস্থিরতার মধ্যেই লেবানন সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। অঞ্চলটিতে একাধিক সংঘাত ও অস্থিরতা একসঙ্গে চলতে থাকায় বড় ধরনের মানবিক ও নিরাপত্তা সংকটের আশঙ্কাও তৈরি হয়েছে।
এনএইচ





