বার্সেলোনা: স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ভাইস প্রেসিডেন্টের জাভিয়ার ফাউসের সঙ্গে বেশ কয়েক সপ্তাহ ধরে বিরোধ চলছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। কিন্তু বর্তমানে বার্সা প্রেসিডেন্ট জানালেন নতুন সংবাদ। শীঘ্রই মেসির সঙ্গে নতুন চুক্তিতে সই করতে যাচ্ছে কাতালান ক্লাবটি।

আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসি এখন দেশের মাটিতে রয়েছেন। চলতি বছরে তৃতীয়বারের মতো চোট নিয়ে দলের বাহিরে আছেন তিনি। আর্জেন্টিনা থেকে ফিরে আসলেই তার সঙ্গে নতুন চুক্তিতে সই করবে ক্লাব কর্তৃপক্ষ।

টানা পঞ্চমবারের মতো ফিফা ব্যালোন ডি'অর পুরস্কার প্রত্যাশী মেসির কথা উল্লেখ করে বার্সেলোনা প্রেসিডেন্ট আন্দ্রে রোসেল জানান, "বিশ্বের সেরা খেলোয়াড়ে সেরার মতোই বেতন পাওয়ার দাবিদার।"

স্প্যানিশ একটি দৈনিক জানায়, বার্সেলোনা ও মেসির মধ্যে সপ্তমবারের মতো চুক্তি সই হতে যাচ্ছে। এর আগে পাঁচ বছরের জন্য ২৫০ মিলিয়ন 'বাইআউট বিধি'তে ষষ্ঠবারের মতো চুক্তি সম্পন্ন হয়েছিল।