টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ট্রেনিং কমপ্লেক্সে পৌঁছেছেন মেসি। রোজারিওতে দুই দিন কাটানোর পর সেখান থেকে সরাসরি বুয়েন্স আয়ার্সে যান আর্জেন্টাইন এই কিংবদন্তি।
কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনা অনুযায়ী দলের সঙ্গে যোগ দিয়েছেন মেসি। এর আগে বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ দুটিতে খেলেননি তিনি। তবে ফিফা উইন্ডোর শেষ ম্যাচে বেনিনের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তার।
মনুমেন্টালে অনুষ্ঠিত হতে যাওয়া ওই ম্যাচটি আলবিসেলেস্তে জার্সিতে মেসির শেষ উপস্থিতি হতে পারে। গত দুই দশকে আর্জেন্টিনা ফুটবলের সঙ্গে মেসির যে অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি হয়েছে, সেই অধ্যায়ের সমাপ্তি ঘিরে দলের মধ্যেও তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ।
বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ জার্সি পরে মাঠে নামবেন মেসি। ম্যাচ শেষে জার্সিটি তার ব্যক্তিগত জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে জানা গেছে। বিশেষ এই জার্সিতে দুটি আকাশি নীল ও মাঝখানে একটি সাদা রঙের উল্লম্ব ফিতে থাকবে। মাঝখানে থাকবে আর্জেন্টিনার জাতীয় পতাকার সূর্যের প্রতীক। মেসির নাম ও ১০ নম্বর লেখা থাকবে সোনালি রঙে।
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি কার গায়ে উঠবে, তা নিয়েও ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা।
এদিকে বেনিনের বিপক্ষে ম্যাচের আগে আজ দলের শেষ অনুশীলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ স্কালোনির পাশাপাশি মেসিরও কথা বলার কথা রয়েছে।
এস











