চট্টগ্রাম বিআরটিএ নম্বরটি পরীক্ষা-নিরীক্ষা করে পুলিশকে জানিয়েছে যে, পরিবেশবাদী সংগঠন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণে ব্যবহৃত নীল রঙের মাইক্রোবাসটির নম্বরপ্লেট ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানান, মেয়র হানিফ ফ্লাইওভারের সিসি ক্যামেরায় ধারণ করা ছবি দেখে তারা অনেকটা নিশ্চিত হয়েছে, অপহরণকারীরা আবু বকর সিদ্দিককে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করে ঢাকার দিকে নিয়ে গেছে। যে নীল রঙের মাইক্রোবাসে করে তাকে নিয়ে যাওয়া হয়, তার নম্বর ছিল চট্ট মেট্রো গ-১৭-৮৩২৭।
এই নম্বরটি যাচাইয়ের জন্য পুলিশ চট্টগ্রাম বিআরটিএতে পাঠায়। বৃহস্পতিবার পরীক্ষা-নিরীক্ষা করে বিআরটিএর কর্মকর্তারা জানান, নম্বরটি ভুয়া। এতে পুলিশ ধারণা করছে, অপহরণকারীরা যথেষ্ট সতর্কতার সঙ্গে আবু বকর সিদ্দিককে অপহরণ করেছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জানান, র্যাব-১১, পুলিশ এবং ডিবি বিভিন্নভাবে তাদের প্রযুক্তি ব্যবহার করে আবু বকর সিদ্দিককে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে পুলিশের গঠিত ১২ সদস্যবিশিষ্ট তদন্ত টিমও কাজ করে যাচ্ছে। তবে তাদের কাজের অগ্রগতি সম্পর্কে কিছু জানাননি তিনি।
তারেক সাইদ আরো জানান, এলাকার কয়েকজন চিহ্নিত অপরাধীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে তিনি আশ্বস্ত করে বলেছেন, অপহৃতকে উদ্ধারের জন্য তারা চেষ্টার কোনো ত্রুটি করবেন না। যত দ্রুত সম্ভব অপহৃত সিদ্দিককে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন তারা।
এদিকে আবু বকর সিদ্দিককে উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তার প্রতিষ্ঠান হামিদ সোয়েটার লিমিটেডের শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীরা। কয়েক হাজার শ্রমিক-কর্মচারী আবু বকর সিদ্দিককে উদ্ধারের দাবিতে বেলা ১১টায় মিছিল বের করেন। মিছিলটি ফতুল্লা পোস্ট অফিস থেকে বের হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে।
একই দাবিতে সেখানে পরিবেশবাদী সংগঠন নির্ভীকও মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা দাবি করেছেন, আবু বকর সিদ্দিককে সুস্থ অবস্থায় দ্রুত উদ্ধার করতে হবে।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
মাইক্রোবাসের নম্বরপ্লেট ভুয়া
চট্টগ্রাম বিআরটিএ নম্বরটি পরীক্ষা-নিরীক্ষা করে পুলিশকে জানিয়েছে যে, পরিবেশবাদী সংগঠন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণে ব্যবহৃত নীল রঙের মাইক্রোবাসটির নম্বরপ্লেট ভুয়া বলে প্রমাণিত হয়েছে





