পুলিশের আইজিপি (ইন্সপেক্টর জেনারেল) হাসান মাহমুদ খন্দকার বলেছেন,বাংলাদেশের মানুষকে সন্ত্রাসের ঘৃণ্য রূপের মুখোমুখি হতে হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দেশে বর্তমানে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে।
রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে সোমবার সকালে এক কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
'সন্ত্রাস দমনের উদ্যোগ : বিকল্প পন্থাসমূহ' শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালা যৌথভাবে আয়োজন করে পুলিশ স্টাফ কলেজ ও সিঙ্গাপুরের আন্তর্জাতিক সেন্টার ফর পলিটিক্যাল ভাইওলেন্স অ্যান্ড টেরোরিজম রিসার্স (আইসিপিভিটিআর)। কর্মশালায় বাংলাদেশ পুলিশ,বিজিবি,এসএসএফ, ডিজিএফআই এবং এনএসআই’র পুলিশ সুপার বা সমপদমর্যাদার ২১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
আইজিপি বলেন,সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার সদস্যরা সন্ত্রাসীদের নির্মম কার্যকলাপ দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। আমরা সন্ত্রাস দমনে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই।
তিনি আরও বলেন,সন্ত্রাস দমনে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দক্ষতা বাড়ানোর সময় এসেছে। আমাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সন্ত্রাসবাদ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাজমুল হকের সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য দেন-আইসিপিভিটিআর ম্যানেজার জলিন জেরার্ড। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারী,অতিরিক্ত আইজিপি আমির উদ্দিন,অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]