রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, রাশিয়ার ‘ব্যাটলগ্রুপ নর্থ’-এর দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ ১৯৫ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। ‘ব্যাটলগ্রুপ ওয়েস্ট’-এর এলাকায় নিহত হয়েছেন প্রায় ২০০ এবং ‘ব্যাটলগ্রুপ সাউথ’-এর এলাকায় প্রায় ১৬৫ জন।
এ ছাড়া ‘ব্যাটলগ্রুপ সেন্টার’-এর এলাকায় ৩৪৫-এর বেশি, ‘ব্যাটলগ্রুপ ইস্ট’-এর এলাকায় সর্বোচ্চ ২৮৫ এবং ‘ব্যাটলগ্রুপ দনেপ্র’-এর এলাকায় প্রায় ৩৫ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে মস্কো। রুশ বার্তা সংস্থা তাস সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে।
রসদকেন্দ্র ও বন্দরে হামলার দাবি
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইউক্রেনের ওডেসা অঞ্চলের ভেলিকায়া বালকা এলাকায় একটি রসদকেন্দ্রে হামলা চালিয়েছে রুশ বাহিনী। তাদের দাবি, ওই কেন্দ্রে ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য বিদেশ থেকে আসা সামরিক সরঞ্জাম মজুত ও বিতরণ করা হতো।
একই অঞ্চলের চেরনোমর্স্ক বন্দরে একটি কার্গো জাহাজ ও একটি রো-রো ফেরিতেও হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। মন্ত্রণালয়ের ভাষ্য, এসব নৌযানে ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য নির্ধারিত সরঞ্জাম আনা হয়েছিল।
এ ছাড়া পশ্চিম ইউক্রেনে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত রেল অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের দাবি, ভলিন অঞ্চলের রিমাচি এলাকার কাছে সামরিক সরঞ্জাম বহনকারী একটি ইউক্রেনীয় ট্রেনেও হামলা চালানো হয়েছে। ট্রেনটিতে বিদেশে তৈরি ড্রোন ও সেগুলোর যন্ত্রাংশ ছিল। এ হামলায় ‘গেরান-৪ সিকার’ ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে মস্কো।
শত শত ড্রোন ধ্বংসের দাবি
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত ২৪ ঘণ্টায় দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনের ৫৮৯টি ড্রোন ও ছয়টি নির্দেশিত বোমা ধ্বংস করেছে।
এ ছাড়া রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চল, তাতারস্তান, ক্রিমিয়া ও কৃষ্ণসাগরের ওপর আরও ২২২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার দাবি করা হয়েছে।
খারকিভে অভিযান অব্যাহত
খারকিভ অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে রুশ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে মস্কো। রাশিয়ার ‘ব্যাটলগ্রুপ নর্থ’ ওলখোভাতকা নিয়ন্ত্রণে নিয়েছে এবং ওই এলাকার পূর্বদিকে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে মালায়া ভলচিয়া এলাকায়ও লড়াই চলছে বলে জানানো হয়েছে।
রুশ মন্ত্রণালয়ের দাবি, খারকিভ অঞ্চলে অবরুদ্ধ ইউক্রেনীয় বাহিনী সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও তা ঠেকিয়ে দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ওই এলাকায় সর্বোচ্চ ৩৫ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
মস্কোর আরও দাবি, চলতি মাসের শুরু থেকে অবরুদ্ধ অবস্থায় থাকা ইউক্রেনীয় বাহিনীর সর্বোচ্চ ৪৯০ সেনা নিহত হয়েছেন।
এ ছাড়া ইউক্রেনের সীমান্ত ক্রসিংগুলোতে রুশ হামলার কারণে বিদেশি সামরিক সহায়তা সরবরাহের স্থলপথ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভলিন অঞ্চলের ইয়াগোদিন সীমান্ত চৌকিতে ‘গেরান’ ধরনের একটি ড্রোন দিয়ে হামলার ভিডিও প্রকাশের কথাও জানিয়েছে মন্ত্রণালয়।
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এনএইচ





