কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল মান্নান খানের পক্ষে আগে থেকেই সিলমারা ব্যালট উদ্ধার করা হয়েছে।
আজ  সকালে হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদান ও বাক্সে ব্যালট ঢোকানোর আগেই তাতে সিল মেরে রাখার ঘটনা ঘটেছে। বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম আনসারের মোটরসাইকেল প্রতীকের এজেন্টদের হুমকি প্রদানেরও অভিযোগ পাওয়া গেছে।  
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খুলনার দাকোপ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুল হাফিজ এধরনের অভিযোগ পেয়ে সিলমারা অবস্থায় ১২টি ব্যালট পেপার উদ্ধার করে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এনামুল হকের কাছে জমা দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমারখালী উপজেলার শিলাইদহ কলেজের প্রভাষক আওয়ামী লীগ কর্মী আব্দুল হান্নান এ ঘটনা ঘটিয়েছে। পরে ঘটনাটি মিডিয়ায় প্রকাশ পেলে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনসহ প্রশাসনের ঊর্র্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের জানান, ওই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
এদিকে  বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকরা অভিযোগ করেছেন, অনেকেই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আগেই তাদের ভোট দেয়া হয়ে গেছে। এমন অভিযোগ করেছেন ওই কেন্দ্রে দায়িত্বরত নুরুল ইসলাম আনসারের এজেন্ট শাহিনুজ্জামান।
[b]কুষ্টিয়া,২৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
[/b]