[b]বার্লিন:[/b] জার্মানিতে কট্টর ডানপন্থী দলগুলোর তৎপরতা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর দীর্ঘমেয়াদী তদন্ত থেকে এ তথ্য পাওয়া গেছে।
জার্মানির গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে সোমবার এ তথ্য প্রকাশ করেছে দার তাজেস্পাইজেল পত্রিকা। আর তাজেস্পাইজেলের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ড বুলেটিন।
গোয়েন্দা সংস্থাগুলো ২০১৩ সালে দেশটিতে ২১ হাজার ৭৫০ জন উগ্রপন্থীকে খুঁজে পেয়েছে। এর মধ্যে সাড়ে নয় হাজার হচ্ছে চরমপন্থা অবলম্বনকারী। তার মধ্যে আবার পাঁচ হাজার ৮০০ জন হচ্ছে নব্য নাৎসিবাদী। এরা বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত।
জার্মানির উগ্রবাদীরা সাধারণত বর্ণবাদী আচরণ করে থাকে। তারা দেশটিতে অভিবাসনের বিরোধী। অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ করে মুসলিম অভিবাসীদের বিরুদ্ধে তারা সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়ে থাকে।
জার্মানির উগ্র ডানপন্থী দলগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে ন্যাশনার ডেমোক্রেটিক পার্টি (এনপিডি), ডিয়ে রেছেটে প্রভৃতি।
চলতি বছরে মে মাসে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনকে কেন্দ্র করে জার্মানিতে অভিবাসনবিরোধী ক্যাম্পেইন করতে পারে উগ্রপন্থীরা। এমন আশঙ্কা করছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।