নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ-নির্বাচনে ৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন তারা।
জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জ-৫ আসনের উপ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৬ জুন। মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল ২৯ মে, বাছাই ১ জুন ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ জুন। নির্বাচনের জন্য মোট ১৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে ৮ জন মনোনয়ন পত্র জমা দেন।
তারা হলেন- জাতীয় পার্টি মনোনীত সেলিম ওসমান, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, সাবেক এমপি ও নাগরিক ঐক্যের নেতা এস এম আকরাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি শফিকুল ইসলাম, বিএনএফ নেতা আবু হামিদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ ও ইকবাল সিদ্দিকী।
মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ, জাতীয় পার্টিতে যোগ দেয়া শামীম মিয়া, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম আরাফাত ও স্বতন্ত্র প্রার্থী শহীদ আহমেদ সুমন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ২৯ এপ্রিল রাত ১টায় ভারতের দেরাদুনের একটি ক্লিনিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নাসিম ওসমান। তিনি ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]