বরিশাল নগরীর রুপাতলীতে এক সেনা কর্মকর্তার বাসায় ডাকাতির ঘটনায় মালামালসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
ঢাকা, বরগুনা এবং বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার দুপুর ১২টায় বরিশাল কোতোয়ালি মডেল থানা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আতিকুর রহমান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন- কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) সাখাওয়াত হোসেন এবং ওসি (তদন্ত) মতিয়ার রহমান।
গ্রেফতার হওয়া ডাকাত সদস্যরা হলেন- বরগুনা জেলার বেতাগি উপজেলার পূর্ব রানিপুর গ্রামের হাতেম আলীর ছেলে চাকুরিচ্যুত সেনা সদস্য ওবায়েদুর রহমান ফারুক ওরফে আর্মি ফারুক (৩৮), বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলস্থ উত্তর মোরাকাঠি গ্রামের মৃত হাতেম রাড়ির ছেলে আলম রাড়ি (৩০), একই এলাকার সেকেন হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার (৩১), বরিশালের বন্দর থানাধীন কাউয়ারচরের মামুন মেম্বারের বাড়ি সংলগ্ন এলাকার আসরাফ আলী হাওলাদারের ছেলে মোজাম্মেল হোসেন ওরফে মনির (২৮)।
আটককালে তাদের কাছ থেকে নগদ টাকা, রড-কাটার, প্লাস, স্ক্রু-ড্রাইভার সেট, দুটি রামদা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা জানান, গত ২৮ মে বরিশাল নগরীর তাজকাঠি এলাকার বাসিন্দা বাংলাদেশ সেনা বাহিনীর এক ল্যান্স কর্পোরালের বাসায় ডাকাতি হয়।
ডাকাতির সময় তার বাসা থেকে ৮ লাখ টাকা ও স্বর্ণের অলঙ্কারসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন ওই পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন সেনা কর্মকর্তার মা ফৌজিয়া আলম।
এ মামলার পরিপ্রেক্ষিতে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যেমে প্রথমে আলামিনকে ঢাকার আশুলিয়া থেকে আটক করে পুলিশ। তবে তাকে গ্রেফতার দেখানো হয়নি।
তার দেওয়া তথ্য মতে বরিশালে বিএম কলেজ এলাকা থেকে লুণ্ঠিত মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয় আলম রাঢ়িকে। পরে আলমের স্বীকারোক্তিতে দপদপিয়া গোল চত্বর এলাকা থেকে গ্রেফতার করা হয় মনির ও নগরীর আলেকান্দা কাজিপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে লুণ্ঠিত মালামাল ও অস্ত্রসহ গ্রেফতার করা হয় আর্মি ফারুককে।
পরে, তাদের স্বীকারোক্তি অনুযায়ী  উজিরপুরের বামরাইল এলাকা থেকে গ্রেফতার করা মিরাজ হাওলাদারকে।
ওই ডাকাতির ঘটনার সঙ্গে গ্রেফতারকৃতরা সম্পৃক্ত ছিল- পুলিশের কাছে এমন তারা স্বীকারোক্তি দিয়েছে। এ ঘটনায় আরো ২ ডাকাত সদস্য পলাতক রয়েছে বলেও জনায় পুলিশ।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]