উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচন আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। এ ধাপে ৯২টি উপজেলার তফসিল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে বুধবার তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত থাকলেও তা পরিবর্তন করে বৃহস্পতিবার করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২২ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২৪ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ হয়েছে।
ইসি সূত্র মতে, চতুর্থ ধাপে আগামী ২৫ মার্চ ভোট গ্রহণের সিদ্ধান্ত থাকলেও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকবে। এই কারণে তাদের পক্ষ থেকে ২৫ মার্চে চতুর্থ ধাপের ভোট গ্রহণে আপত্তি জানালে কমিশনের নির্বাচনী ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা ২৪ মার্চ ভোটের দিন প্রস্তাব করে কমিশনের অনুমতির জন্য নথি উত্থাপন করেছে।
চতুর্থ ধাপে নির্বাচনের ৯২ উপজেলা হলো- বগুড়ার গাবতলী, পাবনার ঈশ্বরদী, ঝিনাইদহের হরিণাকুণ্ডু, নড়াইল সদর, খুলনার ফুরতলা, বটিয়াঘাটা, দাকোপা, তেরখা ও রূপসা, পিরোজপুরের ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পিরোজপুর সদর ও জিয়ানগর, টাঙ্গাইলের ভুয়াপুর, নাগরপুর, মধুপুর ও কালিহাতি, হবিগঞ্জের, লাখাই, হবিগঞ্জ সদর, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ, বান্দরবানের নাইখংছড়ি, জয়পুরহাটের পাঁচবিবি, রাজশাহীর পুঠিয়া, বাগমারা ও তানোর। পাবনার ফরিদপুর, কুষ্টিয়ার দৌলতপুর, পটুয়াখালীর গলাচিপা, মির্জাগঞ্জ, বাউফল, দুমকী ও পটুয়াখালী সদর, ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর ও আখাউড়া, কুমিল্লার মেঘনা ও বরুড়া, চাঁদপুরের শাহরাস্তি, ফেনীর সোনাগাজী ও ফুলগাজী, দিনাজপুরের বোচাগঞ্জ ও ফুলবাড়ী, যশোরের কেশবপুর ও যশোর সদর, সাতক্ষীরার কলারোয়া, নোয়াখালীর বেগমগঞ্জ, বাগেরহাটের চিতলমারী ও মোল্লারহাট, কক্সবাজারের রামু ও কুতুবদিয়া, ভোলার তজুমুদ্দিন, মনপুরা ও দৌলতখান, বরিশালের আগৈলঝরা, উজিরপুর ও বানারীপাড়া, গাজীপুরের কালিয়াকৈর, রাঙ্গামাটির জুড়াছড়ি। সিলেটের কানাইঘাট ও সিলেট সদর, চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, রাউজান, ফটিকছড়ি, রাংগুনিয়া, বোয়ালখালী ও সাতকানিয়া, ময়মনসিংহের হালুয়াঘাট, সিরাজগঞ্জের চৌহালী, মৌলভীবাজারের কমলগঞ্জ, মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল, নাটোরের বড়াউগ্রাম, শেরপুর সদর ও নালিতাবাড়ি, মুন্সীগঞ্জের গজারিয়া, সুনামগঞ্জের শালনা, জগন্নাথপুর ও ধর্মপাশা, নেত্রকোনার মদন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, চুয়াডাঙ্গার জীবননগর, ঝালকাঠি সদর, কাঁঠালিয়া, রাজাপুর ও নলছিটি, কিশোরগঞ্জের ভৈরব, ইটনা, কটিয়াদি, মিঠামইন ও তাড়াইল এবং বরগুনার বাউফল উপজেলা।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসি। কমিশন বৈঠকে এই উপজেলা চতুর্থ ধাপে, নাকি পঞ্চম ধাপে তফসিল ঘোষণা করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 
উল্লেখ্য, ইতোমধ্যে তিন ধাপের তফসিল ঘোষণা করেছে ইসি। প্রথম ধাপে ভোট গ্রহণ করা হবে আগামী ১৯ ফেব্রুয়ারি, দ্বিতীয় ধাপে ২৭ ফেব্রুয়ারি এবং তৃতীয় ধাপে ভোট গ্রহণ করা হবে ১৫ মার্চ।
[b]ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ//এসআর[/b]